নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:১৩ পিএম
বুধবার ২০, মে ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে টানা ১৬ দিনের অবকাশে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আগামী ২৪ মে থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘ এই বিরতির সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটির সময়সূচি অনুযায়ী, ২২ ও ২৩ মে সাপ্তাহিক সরকারি ছুটি (শুক্র ও শনিবার) এবং ছুটি শেষে ৫ ও ৬ জুন পুনরায় সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, ছুটিতে ক্যাম্পাস ত্যাগের আগে সকল বিভাগ, দফতর ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ বন্ধ নিশ্চিত করতে হবে। বিদ্যুতের অপচয় রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।