প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:২০ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। এর ফলে ক্যাম্পাসের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও শান্তিপূর্ণ সভা-সমাবেশ পালন করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।
দুপুরের দিকে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে যে নবনিযুক্ত উপাচার্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ডুয়েট ছাত্রদলকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় আন্দোলনকারীরা “দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই”, “বহিরাগত ভিসি মানি না”সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত ১৭ মে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, পুলিশ এবং বহিরাগত যুবদলের হামলার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের দাবি, ওই ঘটনায় ১৮ জনের বেশি শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরিস্থিতির প্রেক্ষিতে বিকেল ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। একই সঙ্গে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
