প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:২৪ পিএম
মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পূর্ব পোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাবুল ইসলাম। সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন কবির।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি প্রতিযোগিতা।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১১৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক মাহবুবুর রহমান, নাজিম উদ্দিন, রিমন, রাশেদ, নিয়াজ, শাহপরান ও রোজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
