রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

এইচএসসি ভর্তিতে ৬ হাজার টাকার সহায়তা, আবেদনের সময় বৃদ্ধি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:০৮ পিএম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদন জমার সময়সীমা বাড়িয়ে নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।

ভর্তি সহায়তার জন্য নির্ধারিত শর্তগুলোতে বলা হয়েছে, মেধাবী হিসেবে শিক্ষার্থীর আগের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫ এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে। এ ছাড়া এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী যাদের অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণকের কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

এ ছাড়া পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া সনদের কপিও জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর একটি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতার অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি।

কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!