সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৫৪ এএম
শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দুই দিনব্যাপী প্রযুক্তিনির্ভর আয়োজন ‘মেশিন ম্যানিয়া ৩.০’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পুলক্রা কেমিক্যালস-এর পরিবেশনায় এবং বুটেক্স টেক্সমেক সোসাইটির আয়োজনে ১৪ মে (বৃহস্পতিবার) ও ১৫ মে (শুক্রবার) অনুষ্ঠিত এ আয়োজন ছিল উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা।
‘মেকা ক্ল্যাশ’ ও ‘মেকা মেহেম ২.০’— এই দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪৫০ জন প্রতিযোগী চারটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন। সেগমেন্টগুলোর মধ্যে সকার বট প্রতিযোগিতায় ১৫টি দল অংশগ্রহণ করে, যেখানে রোবটচালিত গাড়ির মাধ্যমে ফুটবল খেলা পরিচালিত হয় এবং লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় অংশ নেয় ৪৪টি দল। এতে রোবটচালিত গাড়িকে কম সময়ে জটিল পথ সঠিকভাবে অতিক্রম করতে হয়। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক ই-ফুটবল এবং এফসি-২৬ (ফিফা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বুটেক্সের ২৭তম ব্যাচের সানজিদা ইসলাম তুলি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মো. মোমিনুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সকার বট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সিঙ্গুলা ইসলামি ফাজিল মাদ্রাসার দল “বাম্বল বি”, প্রথম রানারআপ বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুলের “হাইপারভোল্টেজ” দল এবং দ্বিতীয় রানারআপ আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির “ইনডাকশন মোটর” দল। এফসি-২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের নূর, প্রথম রানারআপ হন বুটেক্সের জায়েদ-উল-হক এবং দ্বিতীয় রানারআপ হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আহনাফ রাফিদ অরিন। আন্ত:বিশ্ববিদ্যালয় ই-ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শাফায়েত হোসাইন আলিন, প্রথম রানারআপ সৌমিক হাসান তরফদার (অর্ণব) এবং দ্বিতীয় রানারআপ ইমন দাস। লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দল “জেনন”, প্রথম রানারআপ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের “শেষ নবাব” এবং দ্বিতীয় রানারআপ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের “আহো ভাতিজা আহো”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, " আমি বুটেক্সে এসে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত বোধ করছি। একজন টেক্সটাইল শিক্ষার্থী হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়ে এমন প্রযুক্তিনির্ভর আয়োজন দেখতে পাওয়া গর্বের বিষয়। বুটেক্সের উন্নয়ন ও টেক্সটাইল খাতের অগ্রগতির জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। আশা করি, ভবিষ্যতে বুটেক্স দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে আরও এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, "সানজিদা ইসলাম তুলি সাহসিকতা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ। তিনি বুটেক্স পরিবারের জন্য অনুপ্রেরণার প্রতীক। টেক্সটাইল শিল্পের উন্নয়নে শুধু মেশিন ব্যবহারে নয়, বরং মেশিন তৈরি ও প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণামুখী চিন্তাকে আরও সমৃদ্ধ করবে।
টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মো. মোমিনুল আলম বলেন, "শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর আয়োজন আমাকে অত্যন্ত গর্বিত করেছে। মেশিন ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও বৃহৎ আয়োজন দেখে আমি নিজেকে সফল মনে করি। গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর আমাদের আরও গুরুত্বারোপ করতে হবে।"
বুটেক্স টেক্সমেক সোসাইটির সভাপতি প্রান্ত বিশ্বাস সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "টেক্সমেক সোসাইটি সবসময় প্রযুক্তি, মেশিনারি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠান সফল করতে সকল ব্যাচের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে।"
প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক এ আয়োজন তরুণদের রোবোটিক্স, মেশিনারি ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।