মোঃ রিদয় হোসাইন,ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:০২ পিএম
মঙ্গলবার ১২, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে “এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসির) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল। এছাড়াও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ও নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেলের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন এবং ইনোভেশন সেলের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ কর্মশালায় বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “ওয়াশিংটন অ্যাকর্ডের গর্বিত সাক্ষরকারী হওয়ার মাধ্যমে দেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ আরও সুগম হয়েছে। অ্যাকর্ডভুক্ত দেশগুলোতে বাংলাদেশি প্রকৌশলীদের কাজের সুযোগও বৃদ্ধি পেয়েছে। এই সুযোগ কাজে লাগাতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার এখন অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “বর্তমানে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি সিও-পিও ম্যাপিং বাস্তবায়নকে অনেক সহজ করেছে। কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান বিভাগসমূহে বাস্তবায়নের পাশাপাশি দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সমন্বয় বাড়িয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও র্যাঙ্কিং উন্নয়নে ডুয়েট কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, “বর্তমানে ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কোর্স ও প্রোগ্রাম আউটকামভিত্তিক শিক্ষা পদ্ধতি বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের জন্য সিও-পিও ম্যাপিং বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, আন্ডারগ্র্যাজুয়েট কোর্স সমন্বয়ক এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।