প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:০৯ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও একাডেমিক উন্নয়নকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে “কনসেপ্চুয়ালাইজিং রিসার্চ স্কোপ ইন একাডেমিক স্টাডিজ” শীর্ষক বিশেষ সেমিনার। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ১:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিটার কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষণায় আগ্রহী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস) আয়োজিত এ সেমিনার পরিচালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি মোঃ সজিব হোসাইন, যিনি সম্প্রতি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি দিল্লি থেকে টেকনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নিটার সায়েন্স সোসাইটির মডারেটর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন।
সেমিনারে বক্তা তার গবেষণা অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং গবেষণার বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণার বিষয় নির্বাচন, নতুন গবেষণা ধারণা তৈরি, গবেষণার সুযোগ খুঁজে বের করা এবং একটি ধারণাকে পূর্ণাঙ্গ গবেষণাপত্রে রূপ দেওয়ার কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি ধারাবাহিকতা, কৌতূহল ও সমস্যা সমাধানভিত্তিক চিন্তাভাবনার গুরুত্বও তুলে ধরেন।
বক্তা বলেন, বর্তমান সময়ে শুধু একাডেমিক ফলাফল নয়, গবেষণামুখী দক্ষতা ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনাও একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের ছোট ছোট সমস্যা পর্যবেক্ষণ করে তার সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানান।
সেমিনারের শেষপর্বে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৫তম ব্যাচের জাসিয়া মেহজাবিন শৈলী প্রথম, সিফাত আহমেদ রিমন দ্বিতীয় এবং এ এস এম দেলোয়ার হোসেন নাফিস তৃতীয় স্থান অর্জন করেন। পরে মূল বক্তা ও নিটার সায়েন্স সোসাইটির সহ-সভাপতি লাবিবা সালওয়া ইসলাম বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণ করেন এবং গবেষণা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণের সুযোগ পান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
