প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৫৩ এএম
সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। এরই অংশ হিসেবে রোববার (১০ মে) বিকেলে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
প্রতিযোগিতার (+)৪৫ কেজি বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেত্রকোণা সদর উপজেলা। রানারআপ হয় নেত্রকোণা পৌরসভা এবং তৃতীয় স্থান অর্জন করে আটপাড়া উপজেলা। একই বিভাগের (+)৪৫ কেজি বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয় নেত্রকোণা সদর উপজেলা। রানারআপ হয় নেত্রকোণা পৌরসভা এবং তৃতীয় স্থান অর্জন করে আটপাড়া উপজেলা।
অন্যদিকে (-)৪৫ কেজি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্বধলা উপজেলা। রানারআপ হয় মোহনগঞ্জ উপজেলা এবং তৃতীয় স্থান অর্জন করে নেত্রকোণা সদর উপজেলা।
(-)৪৫ কেজি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেত্রকোণা পৌরসভা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, ক্রীড়া সংগঠক আবুল কাশেম, মার্শাল আর্ট সংগঠক নাদিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, গত ২ মে থেকে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
