প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৯ এএম
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছকাটাছড়ি গ্রামের প্রতিবন্ধী শিশু মোঃ রাহিদুল ইসলাম ও তার বৃদ্ধ নানা-নানির মানবেতর জীবন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া ফেলে।
মানবিক সেই খবরটি নজরে আসে ফ্রান্স প্রবাসী রাঙামাটির কৃতি সন্তান ইমতিয়াজ রাকিবের। অসহায় পরিবারের দুঃখ-দুর্দশা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন।
তার প্রতিষ্ঠান ‘Imtiyaj Rakib European Link Solution’-এর পক্ষ থেকে ওই পরিবারকে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
সুদূর প্রবাসে থেকেও নিজ এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে ইমতিয়াজ রাকিবের এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা তার মানবিক কর্মকাণ্ডকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
ইমতিয়াজ রাকিব দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করে আসছেন বলে জানা গেছে। স্থানীয়রা সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
