সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

গোপনে ছবি তোলার অভিযোগে মাদকসহ যুবক আটক

বাকৃবি থেকে মুহাম্মদ সোহান

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:২৬ পিএম

আটককৃত যুবক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইল ফোনে ধারণ করার সময় ওই যুবককে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, প্রক্টর অফিসে নেওয়ার পর তিনি নিজের মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন। একই সঙ্গে তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষার্থী।

ঘটনার শিকার ওই শিক্ষার্থী জানান, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে ওই ব্যক্তি ছবি তুলতে পারেন। পরে তার মোবাইল ফোন দেখতে চাইলে সেখানে তারসহ আশপাশে থাকা কয়েকজন মেয়ের একাধিক ছবি পাওয়া যায়। এরপর শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। তবে মোবাইল ফোনটি ভেঙে ফেলায় আলামত যাচাই করা সম্ভব হয়নি।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে।’

Link copied!