সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার বিকল্প নেই: চুয়েট ভিসি

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:১৫ পিএম

বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বন্যা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে দেশের প্রচলিত স্যানিটেশন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে টেকসই ও জলবায়ু সহনশীল স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, “আমাদের প্রয়োজন পরিবেশবান্ধব ল্যাট্রিন ব্যবস্থা, বর্জ্য পুনঃব্যবহার ও সম্পদ পুনরুদ্ধার প্রযুক্তি এবং টেকসই নগর ব্যবস্থাপনা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

সোমবার (১১ মে) দুপুরে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ‘সেনিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আন্তর্জাতিক ট্রেইনিং নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক। সভাপতিত্ব করেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের গবেষণা সহযোগী ফারজানা খান।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে মোট সাতটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Link copied!