প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৬ এএম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বাড়িতে বসে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে চরম অস্বস্তিতে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন।
