প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি মামলায় মো. মিলন হোসেন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন চরলরেন্স ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলেও দাবি করেন।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে মিলনসহ ৫ জনের বিরুদ্ধে কমলনগর থানায় চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় মিলনকে ১ নম্বর আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন— মোশারফ হোসেন (২৭), মেজবাহ উদ্দিন রাতুল (২২), আবদুল মন্নান (২০), মো. জিহাদ (২০) এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিবর্তনের পর মিলন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, সরকারি জমি দখল এবং করইতলা বাজারে জুয়ার আসর পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগও উঠেছে।
মামলার বাদী মো. মোরশেদ বলেন, “করইতলা বাজারের এক ব্যক্তির ছত্রছায়ায় মিলন দীর্ঘদিন ধরে নানা অপকর্মে লিপ্ত ছিল। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বাধ্য হয়েই মামলা করতে হয়েছে।”
কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
