প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে হামিম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার ঘাটবাঁধা ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হামিম পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তিনি খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে গোসল করতে যায় হামিম। এ সময় কয়েকজন শিশু একসঙ্গে পানিতে নামে। পরে অন্যরা উঠে এলেও হামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানানো হলে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি চালান।
একপর্যায়ে হামিমকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালেও একই পুকুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমন মিয়া (১০) নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
একই পুকুরে কয়েক বছরের ব্যবধানে পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে উপজেলা পরিষদের এ পুকুরে শিশুদের গোসলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
