মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজের ধারাবাহিকতায় এবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এ তথ্য জানান অনিক।
অনিক নিয়োগী রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তিনি রুয়েট ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার। বর্তমানে ক্লাবটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ক্রিকেটের প্রতি আগ্রহ এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের দক্ষতাকে কাজে লাগিয়ে পেশাগতভাবে যুক্ত হয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনে।
গত আড়াই বছর ধরে বিসিবিতে কাজ করছেন অনিক। এর মধ্যে প্রায় দুই বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি এইচপি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরেও অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৬ সালের উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরেও বিশ্লেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ওই দুই আসরে যথাক্রমে চিটাগং কিংস ও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন অনিক। দুই আসরেই দল দুটি রানার্সআপ হয়।
আধুনিক ক্রিকেটে টিম অ্যানালিস্টের কাজ শুধু পরিসংখ্যান বিশ্লেষণে সীমাবদ্ধ নয়। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়ন, প্রতিপক্ষের ব্যাটিং ও বোলিংয়ের ধরন বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে সম্ভাব্য কৌশল নির্ধারণে সহায়তা করেন তাঁরা। এসব বিশ্লেষণ কোচিং স্টাফের পরিকল্পনা প্রণয়ন ও খেলোয়াড়দের প্রস্তুতিকে আরও কার্যকর করতে ভূমিকা রাখে।
প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান রুয়েট থেকে পড়াশোনা শেষ করে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ পরিসরে অনিক নিয়োগীর এ দায়িত্ব পাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পেশাগত অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে বিশ্লেষণনির্ভর প্রস্তুতি ও কৌশল নির্ধারণে ভূমিকা রাখবেন তিনি।