শনিবার ১৭, অক্টোবর ২০২৬

শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা : বৈধতা নিয়ে প্রশ্ন

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফেরার পরপরই তিনি অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন বলে জানা গেছে। তবে সভা আহ্বায়ের পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগজনিত জটিলতা ঘিরে সিন্ডিকেট সদস্যদের মধ্যে প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনলাইনে সভাটি আহ্বান করেন উপাচার্য। মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সদস্যদের সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তবে সভায় কোরাম পূর্ণ হবে কি না কিংবা সদস্যরা এতে অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদুল হাসান বলেন, “আজ সন্ধ্যা ৬টায় অনলাইনে একটি সভা ডেকেছেন। তবে আমি ছুটিতে থাকায় এতে যোগ দিতে পারব কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।”

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য তাঁকে একটি বার্তা পাঠিয়েছেন। তবে মুঠোফোনের বার্তার মাধ্যমে এভাবে সিন্ডিকেট সভা আহ্বান করা বিধিসম্মত কি না, তা তাঁর জানা নেই। প্রচলিত নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রারের দাপ্তরিক চিঠির মাধ্যমেই সভা আহ্বান করার কথা বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই ওই পদ থেকে পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে রেজিস্ট্রারের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ না করে সভা আহ্বান করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সভা আহ্বায়ের পদ্ধতি ও এর প্রাতিষ্ঠানিক বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে মুক্ত হন উপাচার্য। পরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Link copied!