প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:১৯ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ফাইনালে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।
টুর্নামেন্টে বালক বিভাগে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চাঙ্গিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয় বলে আয়োজকরা জানান।
