প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তি যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষা ও সংস্কৃতিতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি ফরাসি ভাষায় ডিপ্লোমা/DELF B1 সনদ থাকতে হবে। এছাড়া ফরাসি ভাষায় অন্তত দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১০১ নম্বর কক্ষ থেকে, যার মূল্য ৩ হাজার টাকা। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই বিকেল ৩টা। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের ফরাসি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা যাচাই করা হবে।
ক্লাস কার্যক্রম সপ্তাহে শুক্র ও শনিবার এবং অন্যান্য দিনে সান্ধ্যকালীন সময়ে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফরাসি ভাষায় এই প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি আন্তর্জাতিক চাকরির বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। জাতিসংঘ, দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, পর্যটন ও আতিথেয়তা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দোভাষী, অনুবাদক বা গবেষক হিসেবে কাজের সুযোগ রয়েছে।
এছাড়া ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামসহ ফরাসিভাষী দেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এই ডিগ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, সকল আবেদনকারীদের অবশ্যই ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। নিবার্চনের সময় তাদের ফরাসি ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতার উপর পরীক্ষা থাকবে। আগ্রহী ভর্তিচ্ছুরা যেকোন প্রয়োজনে অফিস সময়ে +88029661920-73 Ext. 8521, +8801550-720869 নম্বরে যোগাযোগ করতে পরবেন। এছাড়া, আবেদনকারীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি (https://du.ac.bd, https://iml.du.ac.bd) ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
