সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

চাকরির বাজারে টিকে থাকতে আধুনিক কারিকুলাম প্রয়োজন: রাবিপ্রবি ভিসি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:৩২ পিএম

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) ও ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলাম বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়ন সেল (আইকিউএসি) এর উদ্যোগে রবিবার (০৩ মে) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিভাগগুলো হলো—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবস্থাপনা, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা এবং মৎস্য ও সামুদ্রিক সম্পদ প্রযুক্তি।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বীকৃতি কাউন্সিলের পরিচালক (গুণগত মান ও জাতীয় যোগ্যতা কাঠামো) প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ খুব শীঘ্রই OBE Curriculum এর আওতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশ-বিদেশের জব মার্কেটে প্রতিযোগিতায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করে টিকে থাকতে পারে এবং সুনাম বয়ে আনতে পারে এমন মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কারিকুলামকে যুগোপযোগী রাখতে হবে। এ প্রশিক্ষণ এ প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও পারফরমেন্স বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা OBE কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদেরকে তৈরি করা; নেতৃত্ব প্রদানের ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করার অনুপ্রেরণা প্রদান করা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত ও স্বীকৃতির জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে কাজ করার আহবান জানান।

প্রথম সেশনে প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন বিএনকিউএফ-এর ইতিহাস, কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, আজীবন শিক্ষার প্রসার, স্বচ্ছতা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে এ কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ১৯৫৬ সালে বেঞ্জামিন ব্লুম প্রণীত ‘ব্লুমের শ্রেণিবিন্যাস’ সম্পর্কে ধারণা দেন, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে উচ্চতর বিশ্লেষণ ও সৃজনশীলতার স্তরে উন্নীত হওয়ার ধাপগুলো ব্যাখ্যা করে।

পরবর্তী সেশনে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মান নিশ্চয়ন বিষয়ে আলোচনা করেন। তিনি জাতীয়, প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমভিত্তিক স্তরে মানোন্নয়ন নিশ্চিত করা, শিক্ষার্থীদের নরম দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অভ্যন্তরীণ ও বহিরাগত গুণগত মান নিশ্চয়ন প্রক্রিয়া নিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত ও ধারাবাহিক ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও মূল্যায়নের মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বজায় রাখা ও সময়োপযোগী উন্নয়ন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও কারিকুলাম প্রণয়নে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিএনকিউএফ কাঠামো, স্তরভিত্তিক বর্ণনা, দক্ষতা মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, অতিরিক্ত পরিচালক (গুণগত মান) ড. তানজিম মাহমুদ এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা কর্মসূচিতে অংশ নেন।

Link copied!