প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:৩৪ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মাত্র পাঁচ দিনের ছুটি নিয়ে দীর্ঘ তিন মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, পাকুন্দিয়ার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম রুবেল গত বছরের ডিসেম্বর মাসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচ দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় শেষে কর্মস্থলে আর যোগ দেননি তিনি। এরপর প্রায় তিন মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
এদিকে, গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক অনুপস্থিত থাকায় পাঠদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি, নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে বাইরে অতিরিক্ত খরচ করে প্রাইভেট পড়তে হচ্ছে, যা নিয়ে অসন্তোষ বাড়ছে।
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন,“ওই শিক্ষক ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে স্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি ভারতে গেছেন।”
তবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা বলেন,“পাঁচ দিনের ছুটি নিয়ে এত দীর্ঘ সময় অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আমাকে পূর্বে জানানো হয়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুপম দাস বলেন,“বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে ডেকে বিস্তারিত জেনেছি। অভিযুক্ত শিক্ষকের বেতন বন্ধের জন্য ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,“এবিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এই পদক্ষেপের ফলে দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
