প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:০২ পিএম
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) গভীর রাতে বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগাহ গেটের বিপরীত পাশে জাগিরপাড়া রোডের মুখে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি টমটম গাড়ির যাত্রীদের তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাদ্দাম হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৪২)। তাদের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট রামু এলাকা থেকে সংগ্রহ করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন,"মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।"
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
