প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এগিয়ে এসেছে স্থানীয় সচেতন মহল। সম্মিলিত উদ্যোগে গৃহীত কার্যকর পদক্ষেপে ইতোমধ্যে কমেছে এলাকাবাসীর দুর্ভোগ।
উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের তালতলা মোড় এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে স্থানীয়দের উদ্যোগে আজ (৪ মে, ২০২৬) সেখানে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ লক্ষ্যে প্রায় ১০২ ফুট দীর্ঘ পিভিসি পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে জমে থাকা পানি দ্রুত অপসারণের সুযোগ তৈরি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা থেকে এখন অনেকটাই মুক্তি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করেন ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ মাহিদুল ইসলাম, মোঃ শাহ আলম সাজু মেম্বার এবং মোঃ সাইরুল আকন্দ। পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করেন মোঃ রাজু আকন্দ ও মোঃ তাজরুল ইসলাম।
উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়নে নেতৃত্ব দেন মোঃ নুর আলম আকন্দ ও মোঃ সুলতান আকন্দসহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা সমস্যার সমাধানই নয়, বরং সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার এক অনুকরণীয় দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
