প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গবেষণারত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে শুক্রবার ১ মে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ফ্লোরিডা পুলিশ বিভাগ সরাসরি বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তার বলে নিশ্চিত করেছে। ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছায়।
এর আগে নিখোঁজ হওয়ার আট দিন পর অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একই সময়ে নিখোঁজ থাকা বৃষ্টির অবস্থান নিয়ে তখন থেকেই উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
University of South Florida তে উচ্চতর গবেষণায় যুক্ত থাকা নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল লিমন গত ১৬ এপ্রিল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধান শেষে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও শনাক্তের মধ্য দিয়ে ঘটনাটি চূড়ান্ত রূপ নেয়।
বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। এই প্রেক্ষিতে Embassy of Bangladesh, Washington D.C. মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা চলছে।
অন্যদিকে, জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২ মে Orlando International Airport থেকে মরদেহটি Dubai হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশে থাকা স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। উচ্চশিক্ষারত দুই তরুণ শিক্ষার্থীর এমন পরিণতি সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজনরা এখন কেবল প্রিয়জনদের মরদেহ শেষবারের মতো গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
