প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:১৭ এএম
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার একটি দল ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালায়। এসময় সিফাত শান্ত (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার জগতপুর এলাকার মৃত মিজবাউল হক লিটনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবজল আহমেদ ও এএসআই আসাদ আলী। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, “এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।”
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
