প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০১:১৭ পিএম
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও অভিযুক্ত চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি ‘পাওয়ারজেল নাইনটি’ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান দেশে প্রবেশের তথ্য পায় বাহিনীটি। এরপর বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী মিশন এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে রাত সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক জানান, "সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্র পাচার রোধে তাদের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
