বুধবার ২৪, জুন ২০২৬

বুধবার ২৪, জুন ২০২৬ -- : -- --

ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় অস্ট্রেলিয়া

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুযান রাইল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুযান রাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৪ জুন) প্রো ভাইস চ্যান্সেলরের (শিক্ষা) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং অন্যান্য আধুনিক জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে যৌথ গবেষণা ও একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ড সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রকৌশল অনুষদসহ বিভিন্ন আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুযান রাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আয়োজিত “Antarctic Science & Climate Change” শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন। পরে তাঁরা এ বিষয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন।

Link copied!