প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আড়াই বছরের এক শিশুসহ সাত নারীকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে শিশুসহ সাত নারী বাংলাদেশে প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
আটক নারীদের ভাষ্য অনুযায়ী, তারা ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক ছিলেন। পরে বৃহস্পতিবার ভোরে তাদের চোখ বেঁধে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
স্থানীয় যুবক জহির আহমেদ বলেন, "আমি নিজে তাদের আটক করি। পরে ইউপি সদস্য ও কমলগঞ্জ থানায় জানাই। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয়। পরে মেম্বার-চেয়ারম্যানের সঙ্গে কথা বলে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেওয়া হয়।"
এ বিষয়ে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, "বিষয়টি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশ-ইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।"
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, "ভোরে চিৎলীয়া বকশিটিলা হয়ে এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পারি। খোঁজ নিয়ে দেখি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে আর সন্ধান পাওয়া যায়নি।"
এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের পুশ-ইনের ঘটনা বেড়েছে। তাদের মতে, এ ধরনের ঘটনায় সীমান্ত এলাকায় মানবিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হচ্ছে। বিষয়টি সমাধানে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা প্রয়োজন বলেও দাবি করেছেন স্থানীয়রা।
