জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১১:১৪ পিএম
বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন 'বগুড়া জেলা এসোসিয়েশন'-এর উদ্যোগে বর্ণাঢ্য 'ফল উৎসব' অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়। বাহারি সব দেশীয় মৌসুমী ফলের সমাহারে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
বগুড়া জেলা এসোসিয়েশনের সভাপতি আতকিয়া আরমানি তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সায়াদাত সিফাত।
উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, জামরুল, কলা, জাম, আনারস, কামরাঙ্গা, লটকন, ড্রাগন, তাল, কাঠবাদাম, করমজা ও অর বরইসহ প্রায় ১৪ প্রকারের বৈচিত্র্যময় মৌসুমী ফলের পসরা সাজানো হয়। ক্যাম্পাসের যান্ত্রিকতা ভুলে দেশীয় ফলের স্বাদ ও সুবাসে মেতে ওঠেন এসোসিয়েশনের সদস্যরা।
কেবল ফল আস্বাদনেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন; ফলের সুবাসের সঙ্গে যোগ হয়েছিল সুর ও কাব্যের মূর্ছনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গান, কবিতা আর আড্ডায় চমৎকার এক স্মৃতিময় সন্ধ্যায় পরিণত হয় পুরো উৎসব। একই সঙ্গে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরো গতিশীল ও মুখরিত করে তুলতে নিজেদের নিজস্ব ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।