সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। একই সঙ্গে হামলাকারীদের শাস্তির দাবিও জানান তাঁরা।

আজ রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উন্নত মম শির স্মৃতিস্তম্ভের পাদদেশে দুপুর আড়াইটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা প্রদান এবং ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ বলেন, “পরিবর্তিত বাংলাদেশে যেখানে অগণিত মানুষ বাকস্বাধীনতা নিশ্চিত করতে শহীদ হয়েছেন, সেখানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বাকস্বাধীনতার ওপর হামলা মানেই গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি মূলত গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

জাককানইবি প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান তাঁর বক্তব্যে বলেন, “যেকোনো সংকটের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উন্মোচন করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের ওপর বারবার আঘাত আসছে। শাহবাগ থানার সামনে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও ঘোষণা দিয়ে হামলার ঘটনা মূলত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।” তিনি আরও বলেন, “এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।”

এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, জাককানইবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন ইসলাম, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, দূরবীন-এর ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মাহমুদ এবং ক্যাম্পাস রিপোর্টারের প্রতিনিধি রবিউল ইসলাম শাকিল।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার আহ্বান জানান।

Link copied!