প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ এএম
নেত্রকোনা জেলার মদন উপজেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই জনবান্ধব প্রশাসন গড়ে তুলে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। গত ৩ ডিসেম্বর ২০২৫ দায়িত্ব গ্রহণের পর থেকেই মানবিকতা, কঠোর প্রশাসনিক তদারকি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে সাধারণ মানুষকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের ওপর জোর দেন তিনি। দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন, যার ফলে বিভিন্ন দপ্তরে ফিরে এসেছে শৃঙ্খলা ও কর্মচাঞ্চল্য।
দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি ইউএনও বেদবতী মিস্ত্রী নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করছেন এবং মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানে কাজ করছেন। নিপীড়িত ও অসহায় মানুষ তার কার্যালয়ে এসে দ্রুত সেবা পাচ্ছেন, যা তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভা এবং সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা, কমেছে জনভোগান্তি।
শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
এছাড়া মদন উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন, মসজিদ নির্মাণ, পৌরসভার সড়ক উন্নয়নসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। মাদকবিরোধী কঠোর অবস্থানের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা করছেন তিনি।
স্থানীয়দের মতে, একজন মানবিক ও কর্মঠ কর্মকর্তা হিসেবে অল্প সময়েই তিনি সবার আস্থা অর্জন করেছেন। মানুষের বিপদে দ্রুত সাড়া দেওয়ায় তার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, “মদন উপজেলার মানুষ ভালো থাকুক—এটাই আমার একমাত্র চাওয়া। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সাধ্যমতো চেষ্টা করে যাব।”
মানবিকতা, সুশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইতোমধ্যে মদন উপজেলায় প্রশংসিত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউএনও বেদবতী মিস্ত্রী।
