প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আলোচিত ইটভাটা শ্রমিক আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেতে দুর্বৃত্তরা মিন্টুকে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়। ১৮ এপ্রিল শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম (৪২) বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) রায়পুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান দুই আসামি মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) এবং মো. সুমন (২৩) কে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব চরমটুয়া গ্রামে।
গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশি করে হৃদয়ের কাছ থেকে নিহতের ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সুমনের কাছ থেকে একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
