রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

গোপালগঞ্জ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হচ্ছে। দুর্গম এলাকাগুলোতেও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া ও এনকেফালাইটিসের মতো জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে, গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আগে টিকা গ্রহণ করা থাকলেও এ ক্যাম্পেইনের আওতায় শিশুদের পুনরায় এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে কর্মসূচি চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়ার সুযোগ থাকবে।

কর্মসূচি সফল করতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম এবং পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম।

এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে করবেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

Link copied!