প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫১ এএম
দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাসকো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার এসকে. মামুন ফেরদৌস তাঁর স্বরচিত ২ সেট (১০টি) বই উপহার হিসেবে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর পরিচালক আশেকুল আলম রানা-এর নিকট প্রেরণ করেছেন। বর্তমানে বইগুলো নিটার লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে, যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।
এই কার্যক্রমে সহযোগিতা করেন মাসকো গ্রুপের মার্চেন্ডাইজার ধ্রুব হাসান এবং নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট ও প্যারামাউন্ট টেক্সটাইলের এক্সিকিউটিভ সাস্টেইনেবিলিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বুরহান উদ্দিন বান্না।
বই গ্রহণপূর্বক নিটারের পরিচালক আশেকুল আলম রানা বলেন, শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান, পেশাগত দক্ষতা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে তিনি এসকে. মামুন ফেরদৌসকে বই উপহারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তীতে নিটারের প্রতিনিধি দল মাসকো গ্রুপে ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট ও প্যারামাউন্ট টেক্সটাইলের এক্সিকিউটিভ সাস্টেইনেবিলিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আশিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) লাবিবা সালওয়া ইসলাম। এ সময় মাসকো গ্রুপে মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগে কর্মরত নিটারের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এসকে. মামুন ফেরদৌস তাঁর বই সম্পর্কে বলেন, বইগুলো মূলত ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বগুণ বিকাশের ওপর ভিত্তি করে লেখা। সঠিক লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের দিকনির্দেশনা এতে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে তিনি তাঁর লেখা বই উপহার হিসেবে দিয়ে থাকেন। তবে নিটারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও সম্মাননা প্রকাশ তাঁর জন্য একটি ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান ও ভবিষ্যতমুখী দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করবে।
