প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) নোয়াখালীর বেগমগঞ্জে শহিদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব জনাব আবু নাছের টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি ও পুরস্কার প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ায়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন এবং কে আর কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আছাদ উল্যাহ দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশপ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ইত্যাদি ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে আসছে।
