বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

কটিয়াদীতে লোডশেডিংয়ের মধ্যেই বৃত্তি পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

ফাইল ফটো

কটিয়াদী উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই লোডশেডিং শুরু হলে টানা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎবিহীন অবস্থায় পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। এতে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝেও অসন্তোষ দেখা যায়।

এ বিষয়ে কটিয়াদী জোনাল অফিসের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই এই লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের দিক বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

উপজেলার দুটি কেন্দ্রে মোট ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জনের মধ্যে ২৭৩ জন এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জনের মধ্যে ২৪৯ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, পরিদর্শক এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভ্রাটজনিত ভোগান্তি সত্ত্বেও সার্বিকভাবে উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Link copied!