প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ এএম
মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল - মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ আয়োজন করা হয়।
গোলাপগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতামূলক ম্যাচে গোলাপগঞ্জ মহিলা প্রমিলা ফুটবল দল ২–১ গোলে দেবীগঞ্জ প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর বাঁচিয়ে রাখেন এবং আমি এমপি হিসেবে দায়িত্বে থাকি, তাহলে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের ঘুম হারাম করে ছাড়ব, ইনশাআল্লাহ।”
মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহসভাপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
