প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী রিনা খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন। দর্শন বিভাগের শিক্ষার্থী আশা মনি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা,যিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।
এছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
