শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

সেবা না দেয়ায় রাবি চিকিৎসা কেন্দ্রে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

রাবি চিকিৎসা কেন্দ্রে তালা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে সেবা নিতে আসা এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত শিক্ষার্থী শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মেসে অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে গুরুতর আঘাত পান শাহরুখ হোসেন। পরে সহপাঠীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলেও তাদের মধ্যে ক্ষোভ থেকে যায়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা না দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু প্রতিনিধিদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টির সমাধান না হওয়ায় চিকিৎসা কেন্দ্রটি তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, 'একটা ব্যক্তি গুরুতর অসুস্থ, তার ঠোঁট দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার তার মুখে একটু টিস্যু দিয়ে বলে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে। আমাদের দাবি হল এটি যেদিন পূর্ণাঙ্গ মেডিকেল হবে সেদিনই চালু হবে, অন্যথা রাবিতে কোনো মেডিকেল থাকবে না।'

একই বিভাগের আরেক শিক্ষার্থী বিন আজমাইলম বলেন, 'প্রথম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়, চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা ন্যূনতম চিকিৎসা দিতে না পারে, তাহলে এই মেডিকেল সেন্টার না থাকাই ভাল।'

তিনি আরও বলেন, 'দায়িত্বরত চিকিৎসককে জবাবদিহির আওতায় আনতে হবে এবং চিকিৎসা কেন্দ্রের সেবার মান উন্নত করতে হবে, যাতে অন্তত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা যায়।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনার কথা শুনেই আমি চিকিৎসা কেন্দ্রে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান করা যাবে।

চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, কয়েকদিন ধরেই আমি ছুটিতে আছি। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে শুনলাম, তারা চিকিৎসা কেন্দ্রে তালা দিয়েছেন। উপাচার্যের সঙ্গে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।

Link copied!