প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে ‘ডি-নথি’ (D-Nothi) ব্যবহারের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ওশান মনিটরিং অ্যান্ড ফোরকাস্টিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। চবি আইকিউএসি ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে ‘Skill Development for the Use and Implementation of D-Nothi’ শীর্ষক এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। ডি-নথি (D-Nothi) বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইল ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ এবং কাগজবিহীন হবে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণার্থীদের নিজে শিখে অন্যদের শেখানোর আহ্বান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর পরিচালক প্রফেসর ড. এস.এম শরীফুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন, যার মধ্যে রয়েছেন রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, পরিচালক এবং শাখা প্রধানরা।
দুই দিনব্যাপী (১৭-১৮ এপ্রিল) এ প্রশিক্ষণে ডি-নথি সিস্টেমের ব্যবহার, ডিজিটাল স্বাক্ষর এবং অনলাইনে ফাইল অনুমোদনের কারিগরি বিষয়গুলো হাতে-কলমে শেখানো হবে।
আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমবে এবং আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিত হবে।
প্রশিক্ষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম, উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ দাস, সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ও টেকনিক্যাল অফিসার মো. আহসান হাবিব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
