প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিওইউডিএসের সভাপতি সাদিয়া আফরিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল থেকে মোট ৯৬ জন বিতার্কিক অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষে সেরা দুইটি দল ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ প্রতিযোগিতা দুইটি পৃথক পর্বে অনুষ্ঠিত হচ্ছে—আন্তঃস্কুল-কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত আন্তঃস্কুল-কলেজ পর্বে ১২টি দল অংশ নেয়, যেখান থেকে দুইটি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে। উভয় পর্বের ফাইনাল আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
সিওইউডিএস-এর সভাপতি সাদিয়া আফরিন তার স্বাগত বক্তব্যে বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতর্কদের আন্তরিক ধন্যবাদ, আপনারা আসাতেই আমরা এতো সুন্দর আয়োজন সম্পন্ন করতে পেরেছি, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি যুক্তি, সহনশীলতা ও চিন্তার বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।
সিওইউডিএস প্রতিষ্ঠার পর থেকেই আমরা একটি জাতীয় পর্যায়ের বিতর্ক আয়োজনের স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বিস্তৃত করে আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।”
