শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন, প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবসমাজ ও স্থানীয় বাসিন্দা

গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর উত্তর ধানঘড়া চারমাথা এলাকায় সচেতন যুবসমাজ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটছে, যা স্থানীয় পরিবেশ ও তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে দাবি করেন তারা।

যুব প্রতিনিধি মেহেদী হাসান মারুফ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি এটি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে”

জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রঞ্জু বলেন, “মাদকবিরোধী আন্দোলনের পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ জরুরি”

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম মিয়া (মহুরী) বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হবে”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আব্দুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন হান্নান সরকার মিন্টু। এছাড়া শিক্ষক ফরহাদ হোসেন ও প্রভাষক জাহিদ হাসান সাগর সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মানববন্ধনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন থেকে উত্তর ধানঘড়া চারমাথা এলাকাসহ আশপাশে মাদক নিয়ন্ত্রণে দ্রুত অভিযান পরিচালনা, নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Link copied!