মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবির শীর্ষ চার পদাধিকারীকে একসঙ্গে আমন্ত্রণ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

ফাইল ফটো

সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে একসঙ্গে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে বিভিন্ন হল, হোস্টেল, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার, ব্যুরো ও অফিসে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক অনুষ্ঠানে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে,প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয়, ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের অতিরিক্ত আয়োজন পরিহার করতে হবে,অতিথিদের দীর্ঘ সম্বোধনমূলক বক্তব্য না দিয়ে অনুষ্ঠান দ্রুত শুরু ও স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হবে ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নবীনবরণ, বিদায় সংবর্ধনা, উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সেমিনার ও কনফারেন্সে প্রায়ই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ চার পদাধিকারীকে একসঙ্গে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

নতুন নির্দেশনার মাধ্যমে এসব অনুষ্ঠানের সময় ব্যবস্থাপনা আরও কার্যকর ও একাডেমিক কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Link copied!