মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

দিরাইয়ে সাংবাদিক রিফাতের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

সাংবাদিক রিফাতের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাতের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার আকিলশাহ বাজার এলাকায় কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনি রানীকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে সাংবাদিক রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তাদের অভিযোগ, তথাকথিত জামায়াত নেতা ও ভাড়াটিয়া সন্ত্রাসী ইমরান এই হামলার সঙ্গে জড়িত। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী একরাম হোসেন, জমিয়ত নেতা মাহদী হাসান, সালিশ ব্যক্তিত্ব আব্দুল মহিম এবং ছাত্রদল নেতা জিসানসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, ২০২২ সাল থেকে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাত সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং স্থানীয়দের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার মতো একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Link copied!