প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হাজী মুহম্মদ মুহসীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজিজুল হাকিম আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন। একই প্রতিযোগিতায় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মানিক হাসান মীর রানার্স-আপ হয়েছেন।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার।
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।
এছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রীড়া মনোভাব লক্ষ করা যায়, যা ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
