সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পিএম

রাহুল ও প্রিয়াঙ্কা

অভিনেতা Rahul Arunoday Banerjee-এর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী Priyanka Sarkar

গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল। এ ঘটনায় শুটিং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে চলচ্চিত্র অঙ্গনে। এরই মধ্যে ৭ এপ্রিল স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে স্থানীয় আর্টিস্ট ফোরাম।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।’

তিনি আরও লেখেন, ‘রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে একসুতোয় গেঁথে দিল।’

রাহুলের এই অকালপ্রয়াণ যেন শুধু শোকের স্মৃতি হয়ে না থাকে—এমন প্রত্যাশা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তবে এই অকালপ্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তাঁর প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ঘটনা শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

Link copied!