প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য উন্মুক্ত এই সুযোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীদের আগামী ২ মে ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয় ইতালির দ্বিতীয় প্রাচীন এবং বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বৈশ্বিক র্যাংকিংয়েও এটি শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান করছে।
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি শিক্ষাবর্ষে ৮ হাজার ইউরো আর্থিক সহায়তা পাবেন।
আবেদনের জন্য প্রার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং ইতালির নাগরিক বা বাসিন্দা হওয়া যাবে না। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদন করতে প্রয়োজন হবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি, একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, রেফারেন্স লেটার, জীবনবৃত্তান্ত (সিভি)সহ প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র।
আগ্রহীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
