শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

আফিয়া জিনিয়া

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ ঘোষণা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবের পাশাপাশি বৈশ্বিক জ্ঞানভিত্তিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বিশ্ববিদ্যালয়টিকে ভবিষ্যতের জ্ঞান, উদ্ভাবন ও শান্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাঁর ভাষায়, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’

উন্নত গবেষণা অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টির জন্য বড় অঙ্কের তহবিল গঠন করা হয়েছে। প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় দিয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক ব্যয় নির্বাহ করা হয়। গবেষণা ও বিনিয়োগ সক্ষমতার কারণে এটি ইতোমধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে।

বৃত্তির সুবিধা

এই স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত, অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার সব খরচ বহন করা হবে। শিক্ষার্থীরা বছরে ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন। পাশাপাশি বিনামূল্যে আবাসন, স্বাস্থ্যসেবা এবং যাতায়াতের বিমান ভাড়াও অন্তর্ভুক্ত থাকবে। আবেদন করতে কোনো ফি দিতে হয় না।

কারা আবেদন করতে পারবেন

মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডির জন্য প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি। একাডেমিক ফলাফল ভালো হওয়া এবং গবেষণার প্রতি আগ্রহ থাকা আবশ্যক। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোয়েফলে ন্যূনতম ৮১ অথবা আইইএলটিএসে ৬.৫ স্কোর প্রয়োজন।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস, হালনাগাদ সিভি, পাসপোর্টের কপি এবং তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে।

উন্নত গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পরিবেশ এবং পূর্ণ আর্থিক সহায়তার কারণে কাউস্টের এই স্কলারশিপ বৈশ্বিক শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!