প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ এএম
দক্ষিণ কোরিয়ার অন্যতম গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ ঘোষণা করেছে। স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য এই বৃত্তিতে আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
২০০৩ সালে প্রতিষ্ঠিত ইউএসটি রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে বর্তমানে প্রায় ৩০টি গবেষণা ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে, যেখানে চিকিৎসা, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক ও একাডেমিক সুবিধা পাবেন,
- স্নাতকোত্তর পর্যায়ে মাসিক ১২ লাখ কোরিয়ান উন ভাতা
- পিএইচডি পর্যায়ে মাসিক ১৬ লাখ কোরিয়ান উন ভাতা
- সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি বহন
- চিকিৎসা সহায়তা, স্বাস্থ্য পরীক্ষা, ই-লাইব্রেরি ও কাউন্সেলিং সুবিধা
- বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ
যোগ্যতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট প্রোগ্রাম অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফল সন্তোষজনক হওয়া এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস বা টোয়েফল) জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সঙ্গে যেসব নথি জমা দিতে হবে,
- গবেষণা প্রস্তাব
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- মাস্টার্স থিসিস (প্রযোজ্য ক্ষেত্রে)
- ইংরেজি দক্ষতার সনদ
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) পরিশোধ করতে হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
