প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিশেষ করে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ (কম্বাইন্ড) ডিগ্রির শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এই পরিস্থিতিতে তালাবদ্ধ ভবন খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন কম্বাইন্ড ডিগ্রির সেকশন–বি-এর শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বিষয়টির সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার (৩ এপ্রিল) সাবেক ডিভিএম ডিগ্রির শিক্ষার্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন। এর ফলে অন্য সেকশনের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষকদের খোলা মাঠে পরীক্ষা নিতে বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত সমাধানের দাবিতে শিক্ষার্থীরা ডিন ও প্রক্টরের কাছে আবেদন জানিয়েছেন। তারা নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রমে ফিরতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবিব শান্ত বলেন, " দীর্ঘ আন্দোলন ও ৯৯.২ শতাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্বাইন্ড ডিগ্রি চালু করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আজ আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে এবং অযৌক্তিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই এবং স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই।"
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ আলী আজগর বলেন, " বর্তমান পরিস্থিতি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। ক্যাম্পাসে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, " বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং দ্রুত একটি সমাধান দেওয়া হবে বলে আমরা আশা করছি। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।"
