প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম
১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার ঐতিহাসিক কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এ অলিম্পিয়াডের আয়োজন করে।
অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলিফ রুদাবা, সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে রসায়নকে সহজ ও বোধগম্য করে উপস্থাপন করতে হবে, যাতে তারা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখায় আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে।
